December 6, 2015

ও বিধিরে লীলাখেলায় তোর
পুতুল আমি সারা জীবনভর-
যখন যেমন খুশি গড়িস
দুঃখ দিয়েও আপন করিস
ভাঙা গড়ার খেলায় বিধি
থাকিস রে বিভোর...
পোড়াস হিয়া কি অনলে
ভাসিয়ে দিস চোখের জলে
এক পলকে অন্তঃলোকে
তুলিস বিষম ঝড়.....
ও বিধিরে লীলাখেলায় তোর
পুতুল আমি সারা জীবনভর।
sp 

ওকি ! সে আমার চোখে
চোখ রাখলো কেন ?
হায় ! কেমন চোখের পাতা
উঠলো কেঁপে যেন !
তবে কি ! বস্তাপঁচা নষ্ট ইতিহাস- 
সব'ই কি ! এমনি করে হয়েই যাবে ফাঁস !
ওরে সান্ত্রী- সেপাই জলদি ওকে ধরো
সোজা নিয়ে তাকে কারাগারেই ভরো
যেমনে পারো থামাও চাপার জোর
নইলে- আমার যত কুকর্মের খবর
ছড়াবে জানি দিয়ে বাঁকা হাসি
আর গতি নেই দিতেই হবে ফাঁসি !!
sp



November 11, 2015


অন্তঃপুরি অন্ধকারে
দীপ জ্বলে না বহুকাল !
হৃদয় দ্বারে - বিস্তারে
আজ ছন্নছাড়া বন্যজাল !!
sp 

কাঁধে- রূপকথার এক মস্ত ঝোলা
সেই - হ্যামিলনের বাঁশি ওয়ালা
আজকে প্রয়োজন।
চল- আকাশ ফুঁড়ে- পাতাল খুঁড়ে
সাত সমুদ্দূর ভুবন জুড়ে
চালাই অন্বেষণ !
যে- তার মনমোহিনী বাঁশির সুরে
ঝেঁটিয়ে বিদায় করবে দূরে
মিথ্যে- প্রহসন !
sp 

November 5, 2015

অশ্রু তোমার অধীর স্রোতে
আজকে দিলাম বাঁধ
কভু আর দেবো না ঝরতে
যতই হও তুমি উদ্মাদ
থাকো- তুমি বন্দী থাকো
আপোনায় গোপণ রাখো
পোড়া চোখ ! করুক আর্তনাদ !!
sp

নিশীথের কোলে
এলায়িত আঁধারে-
জোনাকী জ্বলে !
sp 

অতীতের ঝোপে- ঝাড়ে
বাসনার দ্বারে দ্বারে
খুঁজে ফিরি মন
মরমের বেদন পথে
অনলের দহন স্রোতে
খুঁজেছি স্বপন !!
sp

ইনবক্সে এবং আমার সকল রচনার কমেন্টস-এ যাঁরা আমায় স্মরণ/অংশগ্রহণ 
করেছেন তাঁদের সকলের উদ্দেশ্যেই আমার এই স্ট্যাটাস.....

বন্ধু'রা .... আপনাদের উচ্ছসিত প্রশংসা- আপনাদের শুভকামনা আমার একান্ত প্রেরণা
আমি মুগ্ধ এবং কৃতজ্ঞ ...
(আমার প্রাপ্যের চেয়ে প্রাপ্তি অনেক বেশি হয়ে যাচ্ছে বলে যথেষ্ট পুলকিত সেই সঙ্গে শংকিত'ও
আপনাদের নির্মল উচ্ছাস-প্রশংসার জোয়ার আমায় অহংকারের স্রোতে না ভাসিয়ে দেয় .....) !

আপনাদের প্রশংসা শুধু নয়.. কঠোর সমালোচনা-ও আমার কাম্য -
যা আমার ভুল ভ্রান্তির খাদ গুলোকে অপসারিত করবে-  আমার রচনাশৈলিকে করে তুলবে নিখাদ এবং সৌন্দর্যময় !

আমি প্রত্যেকের সাথে আলাদা ভাবে ইনবক্সে যোগাযোগে অক্ষম .. আমার এই অপারগতা ক্ষমাসুন্দর
দৃষ্টিতে দেখবেন আশা করি ?
পরিশেষে সকলের প্রতি রইলো আমার অকুণ্ঠ শ্রদ্ধা এবং নিরন্তর শুভকামনা ।

দুই ধারে দুই নয়ন
মাঝে নস্য মহারাজ-
কেউ কাহারে দেখতে নারে
মিটিয়ে মনের সাধ !
তবু-পরস্পরের হিয়ার বেদন
কভু- দুই হৃদয়ে রয় না গোপণ
বিধির এ কোন কারূকাজ !    
 sp
 

November 2, 2015

" অশনি সংকেত "
আয় রে তোরা-
আয় ছুটে সব অবলা দুর্বল
এক আকাশের ছায়াতলে
দাঁড়াই সবে চল
স্বর হাঁকিয়ে চোখ পাকিয়ে
একটি আওয়াজ তোল
আর রবো না অন্ধকারে
যতই করো ছল
পাওনা- দেনার হিসেব নিকাশ
এবার শুরু হোক
একটি কণা'ও ছাড় দেবো না
যতই রাঙাও চোখ
মোরা-ও মানুষ নইকো ফানুস
আছে মোদের মান  
ভুলবো না আর- ছেঁদো কথায়
আর দেবো না কান
মোদের শ্রমে- ঘামে গড়া
তোমার রাজ্য পাট
এক নিমেষেই মিটবে ধুলায়
দেখবে ধু-ধু মাঠ
জ্বালাও আগুন , চালাও গুলি
ভয় করি না তায়
জয় করেছি ভয়-ভাবোনা
লয় করেছি দায়
পাই পয়সার হিসেব ফেলো -
জাতীর পাল্লা ভারী
নিজের ভালো চাইলে এসো
লোভের আঙ্গন ছাড়ি
হিসাব তোমায় দিতেই হবে
সকল সুদে-মুলে
থাকতে সময়-হও হুঁশিয়ার
রাখো অস্ত্র তুলে ।
sp 

মতিভ্রম !!
জলধি হৃদয় সম
হেরি তব রূপ
সঁপেছিনু কায় মনঃ
দিয়েছিনু ডুব !!
অতল গহীন তলে
হেরিয়া আঁধার-
ভেসেছিনু আঁখিজলে
বুকে ব্যথা ভার
ভেঙ্গেছিল ভুল যবে
ছিলো না সময়
হারিয়েছি কূল ভবে
জীবনের ক্ষয় !!
sp

ছন্নছাড়া মন- মহলে
নিত্য দহন মন্তরে
ব্রহ্মতালু চিতায় জ্বলে
ছাই জমে এই অন্তরে-
sp              

 

October 31, 2015

হাহ.... !!
------------------
কান খুলে আজ
শোনো হে নি'লাজ
বন্য পশুর জাত-
জ্বেলোনা আগুন,
জ্বালাবে দ্বিগুন
ঐ জনতার হাত !!
খুঁচিয়ো না আর
দুঃখী জনতার
বেদনার নষ্ট ক্ষত-
খ্যাপা জনগণ
বধিবে কখন
হলে প্রাণ ওষ্ঠাগত !!
উঁচিয়ে নিশান
হলে আগুয়ান
তুলিবে খড়গ শত-
গুনিবে প্রমাদ
ভুলিবে নিনাদ
বেশুমার বৈরী যত !!
sp


 

October 29, 2015

জনতার-
জীবনের বনভূমি জুড়ে ,
যত সন্ত্রাসী হায়না'রা ঘুরছে !
দু'চোখের নীলসীমা ফুঁড়ে ,
কত সর্বগ্রাসী পঙ্গপাল উড়ছে !
আত্মার প্রান্তর শেয়ালেরা খুঁড়ছে !
শবভূক শকুনি'রা উল্লাসে ঘুরছে !
ধ্বংসের লীলা বাণ অনায়াস ছুঁড়ছে !
সদম্ভো চিত্কারে বেড়াজাল জুড়ছে !!
sp


ও রানী মা- তোমায় যারা
ভালোবেসে সর্ব হারা -
যাদের দয়ায় সিংহাসনে
আজকে তুমি সমাসীন -
খোঁজ রেখেছো তাদের কি হাল?
কেমন করে যাচ্ছে দিন !!
sp
ও রানী মা- তোমায় যারা
ভালোবেসে সর্ব হারা -
যাদের দয়ায় সিংহাসনে
আজকে তুমি সমাসীন  -
খোঁজ রেখেছো তাদের কি হাল?
কেমন করে যাচ্ছে দিন !!
sp

জনতার
জীবনের বনভূমি জুড়ে
যত সন্ত্রাসী হায়না'রা ঘুরছে !
দু'চোখের নীলসীমা ফুঁড়ে
কত সর্বগ্রাসী পঙ্গপাল উড়ছে !
আত্মার প্রান্তর শেয়ালেরা খুঁড়ছে !
শবভূক শকুনি'রা উল্লাসে ঘুরছে !
ধ্বংসের লীলা বাণ অনায়াস ছুঁড়ছে !
সদম্ভো চিত্কারে বেড়াজাল জুড়ছে !! 

October 26, 2015

অঙ্গীকার .......
--------------------------------------------------------------------------------------------------
আকাশে বাতাসে ফিসফিসানি ! অলি-গলিতে কানাকানি- 
আশ্লেষ-বিশ্লেষ-আফসোসের গুঞ্জন ধ্বণি...মরেছে...অবশেষে !
- কে ? কে মরলো ?
- জ্বর ব্যাধি বুকে- ধুঁকে ধুঁকে মরলো ত্রিমস্তকি ওই বুড়ো 'সমাজ'টা। 
তা...ভালই হয়েছে , অনেক সয়েছে বেচারা অনাচারের চাবুকে ক্ষত-বিক্ষত ,
অবিচারের পদাঘাতে জরাজীর্ণ - অনিয়মের কারাগারে বন্দী ছিল বহুকাল।
আর কত সইবে বলো ? মরে বেঁচেছে বুড়ো'টা- দাহ কাফন হয়নি কিছুই ...... 
- কেন - কেন ?
- এই যাহ ! আবাল যেন... কিচ্ছু জানেনা ! কে করবে ? যার যার মত ব্যস্ত সবাই.... 
সময় নেই যে কারো।
- এ কেমন কথা ! পঁচে দুর্গন্ধ ছড়াবে যে !
- তা'তে কি ? পারফিউম আছে না ! মুক্ত বাজারে যৌথ পুঁজির ঝাঁ চকচকে মোড়কে-
ফরেন লেবেল সাঁটা ! বুড়ো 'সমাজের' জ্ঞাতি-গুষ্টি'রা বড়'ই দরাজ'দিল.. 
খুব বেশি দুর্গন্ধ ছড়ালে বুড়োর লাশে'ও ছড়িয়ে দেবে খানিক'টা- 
থু-থু ছিটানোর মত..... ছিত ছিত করে !
- ধু-উর ... কি যে বলো , দুর্গন্ধ ঢাকলেও... ভাইরাস,ব্যাকটেরিয়া--ব্যাধি বিস্তার করবে যে !
- করুক- তা'তে কার কি ? বুড়োর জ্ঞাতি গুষ্টি.. মস্ত বড় ধনী- 
প্রয়োজনে দেদার টাকা খরচ করে ,ভ্যালোর-মাদ্রাজ-কলকাতা.. চাইলে.... 
সিঙ্গাপুর-ইউরোপ- মায় আমেরিকা পর্যন্ত যাবে চিকিত্সা নিতে। 
- আর যাদের ক্ষমতা নেই ?
- তারা তো কীট-পতঙ্গ , তাদের মরা বাঁচায় কি আসে যায় ?\
- এটা হতে পারে না।ওই কীট-পতঙ্গ'রাই তো ....
বাঁচিয়ে রেখেছে বুড়ো 'সমাজের' নামী দামী জ্ঞাতি- গুষ্টিকে !
- সেটা কি বোঝে নাদান কীটপতঙ্গ গুলো ? ওরা তো খানিক'টা উচ্ছিষ্ট পেলেই ধণ্য হয়ে...
ধুঁকে ধুঁকে বাঁচে ! কে হে তুমি ? এত কিছু জানতে চাইছ ? 
আগে তো দেখিনি কখনো ! নাম- ধাম- কাম কি তোমার ?
আমি ? চ্যাঞ্জমেকার- ধাম ? সমগ্র বিশ্ব- কাম ? অনিয়ম-অনাচারের জঞ্জাল করি সাফ। 
অত্যাচারের ভুত-পেত্নী 'আচারের' বোতলে পুরে সুনীয়মের পাতালে দেই পুঁতে।
- তা বেশ - বেশ- কর তুমি যা পারো। আমরাও আছি , কাছাকাছি তোমার সাথে। 
- আমি , বুড়ো 'সমাজের' লাশ অন্ধকারের কালো কাফনে মুড়ে কাঁধে তুলে নিয়ে ছুটে যাই-
দিগন্ত ছোঁয়া মুক্ত প্রান্তরে , তার বুকের জমিনে গাঁথি প্রতিরোধের শাণিত কোদাল- গগণ বিদারী 
আর্তচিত্কারে প্রতিবাদ করে বুকের জমিন- 
- না- খুঁড়ো না আমায়- আমার বুকে বুড়ো সমাজের নেই কোনো স্থান-  
হতবাক বিহ্বল আমি , শুধাই জমিনে- কি কারণ ? 
- বুড়োর আপাদমস্তক ছিঁড়ে-খুঁড়ে দেখো , বিবেক শুন্য 'সমাজের'  জ্ঞাতি-গুষ্টি'রা তার 'বিবেক'টাকে 
ছিনিয়ে নিয়ে দিয়েছে নির্বাসন- "অগম্য-অচিন পুরে- যার ঠিকানা - নেই কারো জানা।  বিবেক বিনে 
আমি পারবোনা দিতে স্থান এ বুকে আমার....  
- নিরুপায় আমি শুধাই তারে- উপায় বলো। নির্বিকার বুকের জমিন বলে.... 
- যদি খুঁজে এনে দিতে পারো- বুড়ো 'সমাজের' বিবেক তুমি, তবেই দিতে পারি........
সাড়ে তিন হাত জায়গা তারে- আমার এ বুকের কন্দরে । 
অগত্যা ছুটে চলি বুড়ো'র পঁচা লাশ কাঁধে- খুঁজে ফিরি , কোথায় বিবেক ! কোন সে অগম্য-অচিন পুরে ?
দিন- মাস- বছর পেরোয়.... বুড়ো সমাজের পঁচা লাশ , রোদে পুড়ে , জলে ভিজে দিবালোকে-ভরা জোছনায় 
উদোম বুড়ো- অমানিশার গহীন আঁধারে আবৃত হয় । ছুটে যাই উত্তাল সমুদ্র পানে - মনে আশা... 
ভাসিয়ে দেব তার লাশ- তরঙ্গ-তিমিরে । গর্জে ওঠে সাগর .. না- বিবেকহীনেরহবে না ঠাঁই আমার পবিত্র জলে... !
অতঃপর ক্লান্ত-পরিশ্রান্ত আমি , বেসামাল .. লঘুচরণে নিয়ে ফেলি বুড়োকে- শশ্মানের শ্যাওড়া তলায়। বুক ভরে 
শ্বাস নেই পুলকিত মনে - এবার বুঝি হবে গতি বুড়ো 'সমাজের' ! জীর্ণ-শীর্ণ পঁচা লাশ'টাকে পুড়িয়ে ছাই করে উড়িয়ে 
দেব আকাশে-বাতাসে। তেনারাও ছিলেন রাজি। কিন্তু ... বাধ সাধলো স্বয়ং অগ্নিচণ্ডাল ! দূর হও লয়ে বিবেকহীনে - 
দেব না তিলার্ধ অগ্নিকণা । সেই থেকে আজও বুড়োর পঁচা লাশ কাঁধে বয়ে চলেছি । কত যুগ-যুগান্তর মহাকালের স্রোতে গেল ভেসে... অদ্যাবধি মেলেনি বিবেকের খোঁজ !  যদি পাও কেউ বিবেকের সন্ধান জানিয়ে দিও ভাই....এই ঠিকানায় : চ্যাঞ্জমেকার ডট কম ।

পুনশ্চ; যদি ফিরে পাই 'সমাজের বিবেক'টারে- কথা দিচ্ছি ... আমূল বদলে দেব সমাজের রূপ- ফিরিয়ে আনবো হারানো সম্পদ , বিলিয়ে দেব ওই কীট-পতঙ্গের মাঝে- যেন তারা ক্রমে ক্রমে হয়ে ওঠে.... এক-একটি মানুষ ! আর.. অনাচার-অবিচার-অত্যাচার নামের ভুত-পেত্নিগুলোর একে একে তুলে নেব লালসার ছাল- হিসেবের নূন-মরিচে মেখে- ঝলসে নেব প্রতিশোধের নীল আগুনে ।
পরিশেষে .... হাড়গোড় কঙ্কাল- বিবর্তনের বোতলে পুরে দেব আজন্মের নির্বাসন- ওদের'ই সেই অগম্য-অচিন পুরে । এ আমার অঙ্গীকার .... আমি চ্যাঞ্জমেকার ।
sp
 
 
 

October 23, 2015

  'কথা'
কোথা হতে আসে
এত 'কথা' ভাসি !
কিছু আনে অশ্রু
আনে কিছু হাসি-
কিছু কিছু কথা
বড় সর্বনাশা ,
কিছু বা জাগায়
মনে ভালবাসা !!
sp

যে মনের-
ঠাঁই মেলে না অন্তরে
সে মন কি-
সে অঙ্গনে বসত করে ?
sp

রাখোনি খবর
অবহেলায় কত প্রেম
নিয়েছে কবর
sp

আঁধারে ডাকিয়া বলে
গরবিনী আলো
রূপবতী আমি সদা
তুই ঘোর কালো !
আঁধার হাসিয়া বলে
ওহে গরবিনী-
আমা বিনে কেবা তোরে
নিতো বল চিনি ? !
sp

ছিল যে পথে তোমার
নিত্য আনাগোনা-
সে পথের ধুলি আমার
অতৃপ্ত অন্তর্কণা !
হেলায় সেই ধুলি তুমি
ধুয়েছ যে জলে
সে আমারি অশ্রুভূমি
রেখেছিনু ছলে !
sp 

October 18, 2015

অন্তঃ জমীন তোর
ফলাবে কাব্য অমর      
কত'টা হলে উর্বর ?
sp

আলাচ !!!
------------------------
নয়ন ভরা এক নদী জল-
তবুও মরু মন !
তৃষ্ণা কাতর- শ্রাবণ ভাদর !
রুদালী ক্রন্দন !
sp 

কার জমি কে চাষে
মাতবরী ফলা-তে
তোলে ধান উচ্ছাসে
হুকুমের গোলাতে !!
sp 


October 16, 2015

জেগে ওঠো- 
ঐ দেখ ভোর হলো
অনিয়মের-
নিয়ম ভেঙ্গে চলো
অন্ধকার ঐ
বন্ধ দুয়ার খোলো
অন্তবিহীন-
আলোর নিশান তোলো
sp 

>!!!!!!!!!!!!!!!?
আঁধারের স্রোতে
ভেসে চলি দিশাহীন
অজানার পথে !

অনন্তলোকে
কৃষ্ণবিবর নিশীদিন
দেখে শ্যান চোখে

হায় ! এক পলকে
নিয়ে টেনে দ্বিধাহীন
ফেলে নরকে !
sp




October 15, 2015

হায়............................................!
এই ঝলমলে রঙ্গিন জীবনের গল্প
ফুরাবে একদিন বাঁকি আছে অল্প
সাধ-আহ্লাদে ঘেরা স্বপ্নীল প্রাসাদে
জীবনের উল্লাস- মৃত্যু নিয়ে কাঁধে !
sp

স্বার্থান্বেষী...........................!
যেদিন আমার সবচেয়ে বেশি
তোমাকেই ছিল প্রয়োজন-
সেদিন ছিলে দূরে- স্বার্থান্বেষী
ভেঙ্গে দিয়েছিলে এই মন !
আজ কি আশায় এসেছ ফিরে
মন ভাঙ্গা এই জীর্ণ কুটিরে ?
না- হেথা নাই ঠাঁই ওরে বিদ্বেষী
বন্ধুবেশী তুমি- দুশমন !!
sp 

October 14, 2015

আজকাল .....
নিয়ত আমি আমাকেই পড়ি
কবিতার মত করে
সতত নিজেরে ভেঙ্গেচুরে গড়ি
যতনে রাখি অন্তরে !!

ছাইপাশ 
যোগ বিয়োগের নিত্য খেলা
কথপোকথনে বোঝাই ভেলা
উঠে আসে কত গল্প-গাঁথা
ছেড়ে-ধরে অমূল্য যা-তা 
অসমাপ্ত কত শত কবিতা
টুইটুম্বুর যত লিখার খাতা
 

October 13, 2015

এদেশ সেদেশ স্বদেশ বিদেশ  
এই বিভেদের বেড়াজাল
চ্ছিন করো গুড়িয়ে ফেলো
সাক্ষী থাকুক ঐ মহাকাল
আকাশ মাটি সাগর পাহাড়
নয় তো শুধু কারো একার
এক আকাশের ছায়া তলে
সবে দাঁড়াও এসে দলে দলে  
 

October 12, 2015

জনতার বুক চিরে-
রক্তের নদী জলে
রক্ত লোলুপ হায়েনারা সাঁতরায়-

এ দেশ  সে দেশ 
স্ব-দেশ বি-দেশ



( দিনাজপুরের আঞ্চলিক ভাষায় এই কবিতা যেমন হবে )
শুনো বাহে তোমরা কাথা-
কহিম মুই কা'ক ?
কেহ শুনে না মনের কাথা-
পাঁও না খুঁজি তা'ক
এখন ভাবেছো লেখিম কাথা
দুঃখ অভিমান
সবায় গায়্ নিজ গুনোগান
মোক দেয় না দাম
একদিন মুই চিন্তা কন্নু
হই যাম মুই কবি
ফেইসবুকেতে নাম উঠাইয়া
দিনু একখান ছবি
ছবির মইধ্যে এইলা কি বাহে
যেই-সেই কাথা লেখে
আত্মীয় স্বজন সবায় এখন
কু'নজরে দেখে
তাঁহ তো মুই লেখা ছাঁড়না
কাঁয় কি কহে কহুক
মোর- লাইক কমেন্ট দেখি
বাহে মনত পাঁও সুখ !!   

October 10, 2015


কোথায় যাবে ...
বলো যাবে টা কোথায় ?
জগতের হয়ে জঞ্জাল-
পুড়ে মরো-
আরো কিছু'টা কাল,
হয়ে কয়লা কঠিন
যা- আগুনের কঙ্কাল ! 
তবে পারো-
যদি হতে ছাইভস্ম
হয়তো মুক্তি পাবে।  
দক্ষিণা কিংবা বৈশাখী
ঝড়ো হাওয়ায়-
উড়ে উড়ে ঘরো
যতদূর পারো
তারপরও- নিশ্চিত
জেনে রাখো ,
আবর্তনের অমোঘ
নিয়মে- আসতেই হবে
ফিরে- ফেলে যাওয়া
এই ঠিকানায়।
তা'ছাড়া-
আর যাবে কোথায়-
বলো কোন চুলায় ?!
sp   



October 9, 2015

বলো- কেন ফাগুন বুকে জ্বেলে
হঠাত হাওয়ায় হারিয়ে গেলে !
মনের দিগ্ব্দিগন্ত পুড়িয়ে ফেলে
বলো- এমন কি সুখ তুমি পেলে !!
sp

 হাহ !
হাঁস বাঁশ দিয়ে 'চাষ'
বানালাম কবিতা
গুণী জনে বলে ভুল-
লিখেছ যা সব'ই তা !

শুধু 'অন্তে' দিলে মিল
হয় কি তা কাব্য !
সুর-তান বিনে গান
নিয়ত অশ্রাব্য-

কবিতায় থাকা চাই
মূল কথা- ভাব'টা
তা না হলে মিছে সব
জলে যাবে লাভ'টা

গুণীদের বাণী শুনে
দমে গেলো মন'টা
মুখ টিপে হেসে ওঠে
কাগজ কলম'টা !!
 sp
 

October 6, 2015

বাংলা হাইকু !
--------------
বাউরি বাতাস
আনলো ডেকে মাতাল মেঘ
ঢাকলো নীলাকাশ
sp

October 3, 2015

বানিয়েছিলে দাবার ঘুটি
বেতাল তুমি ঘোড়সোওয়ারী-
ডুবিয়ে দিলে মাঝ দরিয়ায়
সাধ-সোহাগে বোঝাই তরী !
sp

বিদায় বেলায়....
---------------------
ফুটে থেকো ফুল-
বুকে সুরভী লয়ে
ঢেউ তুলে নদী-
তুমি যেয়োগো বয়ে
চাঁদ তারা নীলাকাশে 
জেগো নিয়ে আলো
থেকো সাথে ভালোবেসে
নিশী ঘোর কালো
ঝিঁঝিরা বাজিয়ে চলো
ছন্দে নূপুর
জোনাকিরা দিও আলো
যাবো বহুদূর !
sp  
 

September 19, 2015

জ্বলে ক্ষনিকের সূর্য্য আকাশে আমার
অন্ত হীন ঘিরে থাকে রাতের আঁধার
ঝর ঝর আঁখি জল
ঝরে চোখে অবিরল
বুকে বাজে পাড় ভাঙ্গা ঢেউ বেদনার !!
sp 


Peace, blessings, faith…
May the blessings of Allah be with you!
Bakra Eid Mubarak!!! - See more at: http://eidmubarakwishes.net.in/#sthash.otBbdFrm.dpuf
Peace, blessings, faith…
May the blessings of Allah be with you!
Bakra Eid Mubarak!!! - See more at: http://eidmubarakwishes.net.in/#sthash.otBbdFrm.dpuf

September 18, 2015

মন মরে আজ মরুভূমি
পথিক ভুলে পথ
মরিচিকার হাতছানিতে
বিফল মনোরথ !!
sp

হেই নারী ........
-------------------
নারী তুমি পণ্য
হলে যার জন্য
সেই বেশি ধন্য
জগতে অনন্য !
তুমি'ই জঘণ্য !!
হা - হা - হা
পায় যে হাসি
হে নারী তুমি
পঁচা - বাসি !
সস্তা অতি !
দুষ্ট দোষে কলঙ্কিত 
স্রষ্টা বশে অলংকৃত
রঙ্গবতী !
ভেবেছ কি !
পতিতের পদতলে 
সুখের ঐ স্বর্গ দোলে !
বোঝো না কি ?

পতিতেরা হেসে খেলে
নরকেই নোঙ্গর ফেলে
সেখানে কি স্বর্গ মেলে !?
সুখ পিয়াসী সর্বগ্রাসী-
মুচকি হাসে সমাজ পতি
দেখে তোমার এ দুর্মতি !!
sp 





 

September 17, 2015

শুকনো ঝরা পাতার মত
যাচ্ছে ঝরে এক একটি দিন-
জীবনের কাছে ক্রমাগত
চলছে বেড়ে আয়ুষ্কালের ঋণ !!
sp

এ জগতের অচ্ছুত অস্পৃশ্য যত
আমি হতে চাই ঠিক তাদের মত
অনাদর অবহেলা হোক এ আমার  
আবরণ- আভরণ তাজ- মণিহার
নিয়ত খেলবো লয়ে ঘৃণা লাঞ্ছনা
যতনে হৃদয়ে ভরে নেবো গঞ্জনা
হোক বেদনা বিষাদ চির স্মরনীয়  
শুধু থাক ওরা সুখে- যারা বরণীয় !!
sp
হতচ্ছাড়া .....!!
হেই- যত সব অত্যাচারে নিষ্পেষিতর দল
শুধু কাঁদতে জানিস ! ফেলিস চোখের জল !
গাছ কি কখনো বলেছে ?
তোরা গরীব- দেবোনা তোদের ফল !
নদী কি কখনো বলেছে ?
তোরা সর্বহারা- নিবিনা আমার জল !
ফুল কি বলেছে ? পাবি না তো ঘ্রাণ !
পাখিরা  বলেছে ? শোনাবো না গান !
সূর্য কি বলেছে ?
আলো- তাপ তোদের জন্যে নয় !
চাঁদ কি বলেছে ?
জোছনা দেব ? তাই কখনো হয় !
প্রকৃতি বলেছে ? দেখিস না চোখে !
জমিন বলেছে ? রাখবো না বুকে !
তাহলে বল - ওরে অভাগার দল
কার কাছে হাত পাতিস ?
বৃথা হাহাকারে মাতিস ?
আর নয়- মুছে ফেল দু'চোখের জল
জ্বালিয়ে নে বুকের মাঝে দৃপ্ত অনল !
কারোই কিছু নেই তো দেবার
যার যা প্রয়োজন বুঝে নেবার
সাধ্য- বিধি সবার তরে
দিয়েছে দেখ সমান করে
তবে কেন ওরে ঐ চাপড়ে কপাল
অধম ভাগ্য টারে দিস গালাগাল !
sp 
  




 

September 15, 2015

পষ্ট কথা স্পষ্ট বলা
হয় যদি হোক দোষ
নষ্ট যেথা চেষ্টা বৃথা
নয় কোনো আপোষ
sp


দাদা দিদি ভাই তোরা
গেলি কোথা আয় তরা
একা বসে আছি হেথা
মনে বড় পাই ব্যথা
sp

ওরে ও মন্ত্রী আবুল
কেন হলি এমন
বে-লাজ বে-ভুল ?
টেকো মাথায়
টাকার পাহাড়
গড়িস কেবল !


September 14, 2015

( সুপা আমার সুপা
আমার প্রিয় সুপা
পাগলামি আর চঞ্চলাতে
তাহার হৃদয় ভরা-
দুঃখে তাহার জীবন গড়া 
থাকে হাসি খুশি
জীবন যুদ্ধে জয়ী হলে
আমি হবো সুখী !! )

 'আবাল' মাল
---------------------------
মাল'টা একখান মাল বটে
তাল'টা পাকান বেতাল থটে   
চাল'টা চালেন ট্যাক্স ভ্যাটে
আনছেন কুমির খাল কেটে !
অর্থে বিলাপ অনর্থ প্রলাপ
ব্যর্থ আলাপ-কার্য কলাপ
ট্যাক্স ভ্যাটের উটকো বোঝা
মালের কাঁধে চড়িয়ে সোজা
পশ্চাৎদেশে মেরে লাথি
বুঝিয়ে দিয়ে অর্থনীতি
দাও পাঠিয়ে নির্বাসনে
বুঝবে ঠ্যালা বাছাধনে !! 
sp


September 12, 2015

ওই আকাশ ভরা সূর্য তারা
সব'ই তোমার জন্য
লিখার একটি কলম পেলেই
হই যে আমি ধন্য
 sp

সবাই বলে আমি নাকি
নষ্ট পঁচা ছন্নছাড়া- 
পাগলপারা 
হৃদয়হীনা পাষাণী এক !
তা যদি হই বল দোষ কি
আমায় এমন ধারা
বানায় কারা
এই সমাজের নষ্ট বিবেক !
sp

যা বল 'আমার'
তাই কি 'তোমার' ?
ভাবো একবার
ছিল কি তোমার ?
এসছিলে খালি হাতে
নিয়ে যাবে কি ?
যাবে কর্ম ফল সাথে
গুণাহ বা নেকী !
sp 

কারে আমার আমার করো রে মন
কেউ তো তোমার নয়
যারে এই জগতে ভাবছো আপন
সেও কি আপন হয় !
মনে-প্রাণে যা চেয়েছ-
কখনো কি তা পেয়েছ ?
শুধু মিছেই করো সাধন ভজন
ফাঁকি সারা জীবনময় !!
sp 

September 10, 2015

নিয়ে ভাঙ্গনের খেলা বুকে
আছি নিরবেই কিযে সুখে



কতটা ব্যথায় হৃদয়- নীল হলে...
আকাশটা অঝোরে কাঁদবে !
নীল হারানোর বেদনায়
বীণা তারে প্রলাপের
সুর বুকে সাধবে !!
কতটা হাহাকার
জলধির ঢেউ ছুঁয়ে
জীবনের কূল ভেঙ্গে চলবে !!
কখনো কি-
আঁধারের বুক চিরে-
বিষাদের কালো ছায়া-
আলো হয়ে জ্বলবে ?
sp

September 8, 2015

যখন- আমার ধ্যানে-জ্ঞানে
তুমি'ই - সমস্ত পৃথিবী
তখন- তোমার নষ্ট মনের
গহীন কোণে-
অন্য কারো ছবি !!
sp


ধর্মের কল 'নাকি' বাতাসে নড়ে
কর্মের ফল 'আসে' ললাটে চড়ে !
ত্রিকাল এগিয়ে চলে বিদ্যুত বেগে-
শ্যানচোখো মহাকাল একা রয় জেগে !!
sp


তোমার সে প্রেম ছিল 
জলে আঁকা ছবি 
বোঝেনি এ বোকা মন 
ভুল ছিল সব'ই 
বিশ্বাসের খুঁটি গুলো 
ছিল নড়বড়ে 
পলকে উড়িয়ে ধুলো
উপড়ে গেছে ঝড়ে !! 
sp 
 
 
ধর্মের কল 'নাকি' বাতাসে নড়ে
কর্মের ফল 'আসে' ললাটে চড়ে !
ত্রিকাল এগিয়ে চলে বিদ্যুত বেগে-
শ্যানচোখো মহাকাল একা রয় জেগে !!
sp

যখন- আমার ধ্যানে-জ্ঞানে
তুমি'ই - সমস্ত পৃথিবী
তখন- তোমার নষ্ট মনের

গহীন কোণে-


অন্য কারো ছবি !!
sp

তোমার সে প্রেম ছিল
জলে আঁকা ছবি
বোঝেনি এ বোকা মন
ভুল ছিল সব'ই
বিশ্বাসের খুঁটি

September 7, 2015

পৃথিবী তোমারে
আরো - আরো বেশি
ভালোবাসিবারে
জানি না কেন আজি
মনো চায়-
তবে কি আমার
সময় নাহি আর
মৃত্যু এলো বুঝি দ্বারে
নিয়ে যেতে পরপারে
সব ছেড়ে নিতে হবে
চির বিদায় !!
sp


চোখের দীঘির শান্ত জলে
ঢিল ছুঁড়ো না কেউ
অঝোর ধারা কপোল ছুঁয়ে
তুলতে পারে ঢেউ
sp 

তোমার সারা দিনমান
হোক না সবার
শুধু অবসর ক্ষণ টূকু
থাক না আমার !
sp

September 6, 2015

তোমার সারা দিনমান
হোক না সবার
শুধু অবসর ক্ষণ টূকু
থাক না আমার !

ভাই

August 31, 2015

তুই আমার কে ?
যখন .....
তোর থালাতে পেটি মুড়ো
আমার থালায় কাঁটা-
তোর কপালে আদর চুমু 
আমার ভাগ্যে ঝাঁটা !
সদাই-
আঙ্গুর আপেল তোর জন্য
আমি-
কুল- পেয়ারায় হই ধন্য
এক-ই বৃন্তে কাঁটা আমি
ফুল-টা হলি তুই-
সমাজ জুড়ে রক্ত ক্ষরণ
যদি আমি ছুঁই !
তোর পরশে সোনা ফলে
আমার ছোঁয়ায় ছাই
তোর অধিষ্ঠান সিংহাসনে 
কুঁড়েয় আমার ঠাঁই !!
sp  

August 28, 2015

এই অন্ধকারের বন্ধ খাঁচা
নয়তো ভাঙ্গা সোজা
মনপাখি তাই কাঁদছে বসে
নিয়ে দুঃখের বোঝা

 জ্বলন্ত অগ্নিশিখা চাই-

বিধি রে-
যদি পুণ্যের কাজ
করে থাকি আজ
তিল পরিমাণ....
এখুনি সময়-
শুকানোর আগে ঘাম
দিয়ে দাও তার দাম
না- সুখ-সম্পদ নয়
এমন কি স্বর্গও নয়
ভীষণ নরক তলে
যে অনন্ত অগ্নি জ্বলে-
এতটুকু শিখা তার
দাও বিধি একবার
অনিয়ম অনাচার
পুড়ে করি ছারখার
যদি পারো দাও তাই
আর কিছু নাহি চাই..।।   
sp

ইদানিং .....
শুনছি- তোমার কবিতা নাকি
নাম করা সব কাগজে বেরোয় !
বজ্রআঁটুনি লেখা দিয়েছে ফাঁকি
লিখো ইদানিং ফোসকা গেরোয় !!
sp

August 27, 2015

কে দেখে কাহারে? যে রয় তফাতে... mb
কার স্বত্ব কেড়ে নিলো কে? কে চায় হারাতে.....?...
কেউ নাহি দেখে কারে - নাহি পারে চিনিবারে - 
তফাতে তফাতে চলে  - তবু যায় সব বলে - 
হারাতে চাহে না কেহ - হারাতে যে হয় তবু - 
যদি স্বত্ব-টা সত্য হয় - সাধ্য কার  কেড়ে নেয় ?
 sp
 
তাহলে তো......
আমি ক্ষেত - তুমি মুলো 
খাদ্য তুমি - আমি ধুলো 
মূল্য কি আছে তায় !
আমি হীনা  তুমি নাই ...

অলওয়েজ.... 
গুড বয় যারা
লুতু পুতু হয় তারা
আমার বিবমিষা হয় ....

পদ্মা-মেঘনা-যমুনার বুকে
আছে কি তত'টা জল ?
যা দিয়েছ বিধি আমার চোখে
সারা জীবনের সম্বল !!

নিরাশার কূলে
বেঁধেছিনু ভুলে
আশার তরণী লয়ে
নয়নের জল
ঝরে অবিরল




 

August 16, 2015

(হ্রস্ব পংক্তিমালা )
-----------------
কবিতার দৈর্ঘ্য
---------------
বিনয় বর্মন
-------------
কবিতার ভাব আসে
এক দুই লাইনে
তারপর কথা আর
খুঁজে আমি পাইনে ।

হ্রস্বকে কেনো আর
টেনেটুনে বাড়ানো
দীর্ঘ কবিতা মানে
মূল সুর হারানো ।  

ও- মুক্ত দানা মুক্ত দানা ঝিনুক বুকের ধন
সাগর জলের গহীন তলে লুকিয়ে সারাক্ষণ
থাকুক যতই গভীর জলে
মুঠোয় ভরে আনবে তুলে
যুঝবে সদাই খুঁজবে তোমায় এই ডুবুরি মন
মুক্ত দানায় গাঁথবো মালা এই করেছি পণ !!
---------------------------------------------
সুলতানা পারভীন

তুমি যে আমাদেরই একজন...
নও গো তুমি নও তো একা
পেয়েছি যখন তোমার দেখা
আমরা আছি তোমার পাশে
কর্ম- ক্লান্তি-শ্রান্তি- অবকাশে।
ভেবোনা গো তুমি- ভেবোনা দাদাই

দাদা- দিদি ও বন্ধু'রা ...................
এক ঝুড়ি শুভেচ্ছা সকলের জন্য
এনেছি বয়ে-সব লয়ে করো ধন্য
আর তো দেবার কিছু নেই গো আমার
যদি পারো- দিও ঠাঁই আসরও মাঝার


ওহে খুনির দল..........
ওরে আমার তরে যত্ন করে একটি বুলেট রাখ
নির্মমতার পাষাণ ভেদী ওই শোনা যায় ডাক
আসছে ধেয়ে আঁধার বেয়ে নিস্পেষিত যারা
প্রতিশোধের অগ্নি-শপথ আজ নিয়েছে তারা
পালিয়ে কোথাও বাঁচবি নারে নপুংসকের দল
ওই গডফাদারের দুর্গে এবার জ্বলবে দাবানল
থাকলে সাহস আমার তরে একটি বুলেট রাখ
নইলে ওরে পুড়িয়ে আমি করব তোদের খাক
---------------------------------------------
সুলতানা পারভীন  

!!.......................অতএব............................ !!
সময় নেই রে মোটেও সময় নেই-যাস যেখানেই... 
মরণ তোদের নিয়েছে পিছু পারিস যদি- যা পালিয়ে
এ ধরায় নয় অন্য কোথাও- নতুবা আছে বরাতে-
হয় হাসপাতাল কিংবা ভূ-পাতাল...অবশ্য তোদের
জন্য দ্বিতীয়টা'ই অগ্রগণ্য... তোরা অসাধারণ-
তোদের ধরনই আলাদা... বোকাসোকা জনগণ নয়
তোদের মতন- ওরা বোঝে সোজাসাপ্টা... বোঝে না
নির্যাতনের মাপ'টা- দীর্ঘদিনের বাঁচার লড়াইয়ে বড়
ক্লান্ত , অবসন্ন .. তার ওপর উপবাসী নিরন্ন- ঝামেলা
চায় না বাড়াতে... বুঝলি কিছু ? নিশ্চয়'ই বুঝেছিস !
হতে পারিস যা-তা , কিন্তু বোকা নোস্ মোটে-
খুনে খুনে হাত রাঙিয়েছিস যতখানি....কদরদানিদের 
মেহেরবানীতে বুদ্ধিও কম পাকেনি ঘটে- অতএব !!
--------------------------------------------------------
সুলতানা পারভীন

তোমরা সদাই বলো...
ওরে যা চলছে দিকে দিকে
সাবধানে থাক মেয়ে
তোকে থাকতে হবে টিকে
আমার কথা হলো...
উমহু দম বন্ধ করে এমন
চোখে অশ্রু টলোমলো
নিয়ে লাভ কি বেঁচে তেমন

বি কেয়ারফুল......
সময়ের অবস্থা/রূপকে চাক্ষুষ করুন..
বক্তব্য যথা সময়ে যথাস্থানে পেশ করুন


August 1, 2015

তাই কি ?
মস্ত বড় জ্বালা !
নাকি ...
ডাল মে কুছ কালা ?

হায় ! হায়
যদি- বৃষ্টি পড়ে পাতায় পাতায়,
সাধের কবিতা লেখার খাতায়
যত টুপুর টাপুর শব্দ ছন্দ সুর
ধুয়ে মুছে পালাবে অনেক দূর
তখন তুমি বৃষ্টি নিয়ে চোখে
ইচ্ছেগুলো ভাসাবে কি শোকে ?
 
বহু পুরণো এই সংবাদ....
দেহ হলো বস্তু- বাদ 
অনুভুতি ভাব- বাদ 
বাকি সমস্ত বরবাদ
এ নয় কোনো প্রবাদ 
 
এই কেজি- কুইন্টালের যুগে মণ (মন)!!
আহা সর্বনাশা মিছে আশা অকারণ !!
 
দিন যায় যে কেটে হেলায় খেলায় 
আবার হবে তো দেখা বই মেলায় 
 
চাঁদ যা তাই আছে দেখাটাই ভুল 
দৃষ্টিভঙ্গি গুরু .... সব-ই দৃষ্টিভঙ্গি 
 

July 27, 2015

চলো আজ ঐ আকাশে মেঘের দল ছুঁয়ে আসি
মেঘ ভাঙ্গা ওই ঝমঝমা ঝম বৃষ্টি জলে ভাসি

আমরা কেমন উন্নয়নের পথে এগোচ্ছি ?
ভবিষ্যত প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি ?

July 21, 2015

আল পালি না
.............................
ছলে- -তে অদগল
ছলে- -তে আম
আল পলবো না মাগো
এবাল খাবো মাম
লছ্য- -তে ইদুল আল
দীলগ-ঈ -তে ঈদ
আল পালি না মাগো
আমাল দু'চোকে যে নিদ
লছ্য- -তে উত হলো
দীলগ--তে উছছি
নাকে'ল চোকে'ল জল'তা
তুমি দাও না মাগো মুছি।
sp   

June 17, 2015

চমত্কার !!!!!!!!!!
শুনছে বধির দেখছে কানায় 
কালের চরণ থমকে দাঁড়ায়
ভাবছে বসে পাগলে......


বোবারা আজ কেমন সরব
বাঁশ বনেছে ঘাস গুলো সব 
খাচ্ছে সুখে ছাগলে !!
sp 

উন্মেষ , উদ্ভাস , শিশুসদন , কিশলয় , মায়াকুঞ্জ ,
অঙ্কুর , উদয়ণ , নবারুণ , খেলাঘর , ঘরোয়া , আলোছায়া ,
মায়ের কোল , শিশু বান্ধব , আপন ঘর , স্নেহাবরণ , ইচ্ছেনগর ,
উত্তরসূরী , শিশু বিকাশ কেন্দ্র , সম্ভাবনা , প্রজন্ম , প্র্ত্যয়াগার ,
নিবিড় আলয় , মনীষালয় , নবোদ্যম ।  

June 6, 2015

হৃদয় কন্দরে প্রজ্বলিত অভিমান
বিষাদের বাস্প লয়ে উর্ধ্বমূখী-
ছুটে চলে বাতাসের বেগে....
ছেয়ে যায় মনের নীল আসমান
বিজলী বালাই বুকে নিয়ে দুঃখী-
বেদনার বিষন্ন মেঘে.... 
............................................
আবেগের আলতো ছোঁয়ায়
পাষাণী মেঘেরা ভেঙ্গে যায়
অশ্রু হয়ে আঁখি পল্লব ছায় !!
sp  
জগৎ সংসারে কর্মহীন জীবন আর-
জীবন্মৃতের মাঝে ব্যবধান টুকু
ইঞ্চি ইঞ্চি পরিমাপ করে যা পেয়েছি-
অবিচ্ছেদ্য সম্পর্কের হ'য'ব'র'ল
দহরম মহরম একই সুত্রে গাঁথা-
ফারাক নেই তিল পরিমাণ।
sp

অবিরাম বিশ্রাম , কঠিন পাথরের চেয়েও.....
কঠিন- মৃত্যুর অধিক নির্মম।
sp

কবিতা......
তুমি মান করেছ জানি-
ভেবেছ তোমায় ভুলেই গেছি !
কিন্তু জানো কি তুমি ?
পৃথিবীর সমস্ত সম্পদ একদিকে...
আর অন্য পাশে যদি থাকো তুমি-
পায়ে পায়ে ঘুরে ফিরে...
তোমার দিকেই যাবো আমি !
sp 

মাঝে মাঝে মনে হয়-
জীবনের গল্প'টা লিখেই ফেলি।
হয়তো কখনই ছাপার অক্ষরে
বাজারে বিকোবে না।
পড়বে না কোনো পাঠকের চোখে-
তা- নাইবা হলো- কি আসে যায় ?
আমার জীবন- গল্পও আমার
লেখক- পাঠক হলাম নাহয় নিজেই আমি !
তিক্ত-মধুর ফেলে আসা স্মৃতি নেড়ে চেড়ে
নীরব নিভৃতে- কাঁদবো একা..................
হাসবো-ও  নাহয় একা'ই আমি ।
sp 

May 13, 2015

কেন আমার দিনগুলো আজ প্রতিবন্ধী??
রাতগুলো- সব মুখ ফেরানো প্রতিদ্বন্দ্বী
যেন খুঁড়িয়ে চলে ক্লান্ত ভীষন অন্ধকার
গুড়িয়ে ফেলে নিদ হারা মন বন্ধ দুয়ার!!
কেন আঁখি জল ঝরে ধুলোয় পথের বাঁকে
প্রতিক্ষা'রা কাল গোনে ঠাঁয় দাঁড়িয়ে থাকে!!
sp 

।।--------- ছন্দে ছন্দে প্রতিশব্দ --------।।

সাগর - পারাবার - জলধি - সিন্ধু - তুমিই জলধি
অর্ণব তুমি সমুদ্র - অম্বুধি - তুমিই সমুদ্র - বারিধি ;
অনল - পাবক - আগুন - দহন - সর্বশুচি - বহ্নি
হুতাশন তুমি কৃশানু - বিভাবসু - বৈশ্বানর - অগ্নি ;
অভিলাষ তুমি আকাঙ্ক্ষা - সাধ - কামনা
ইচ্ছা - স্পৃহা - অভিরুচি - তুমিই বাসনা ;
কক্ষ - প্রকোষ্ঠ - আলয় - নিলয় - আবাস - ভবন
তুমি মন্দির - গৃহ - ঘর - বাড়ি, তুমিই আগার - সদন ;
ভূমি - ধরা - ধরিত্রী , তুমিই ধরণী
তুমি দুনিয়া - বসুমতি , তুমিই অবনী ;
গিরি - পর্বত - পাহাড় - শৈল - নগ - মহীধর
পর্বতেই তুমি ভূধর - অচল - অদ্রি - শৃঙ্গধর ।।
------------------------------------------------------ ১৩-০৫-২০১৫
এস এম হোসাইন

নিয়ত'ই মুঠো ভর্তি ইচ্ছে গুলো
আঙ্গুলের ফাঁক ফোঁকর গলে 
অনায়াসে গড়িয়ে পড়ে-
শুষে নেয় তৃষ্ণার্ত পথের ধুলো
স্বপ্ন অনির্বাণ চিতায় জ্বলে
অভিলাষের সমাধি গড়ে-
sp 

May 9, 2015

আহা ....................................
কি করে রুদ্রপ্রতাপ
পাবে বল সেই উত্তাপ ?
অনঙ্গ দেয়নি তো শাপ
অকাতরে করেছিল মাফ !!

অনন্ত অম্বর অনির্বাণ
অগ্নি চিতায়

May 6, 2015

"সোনামণি'রা"..............
------------------------ 
* সবাই মিলে খেলা করি
-খেলার মাঝে লিখি পড়ি

* গুরুজনের শুনবো কথা
-না - দুষ্টুমি নয় যথা তথা

* খাওয়ার আগে ধুবো হাত
-হ্যা- নিয়মিত মাজবো দাঁত

* বাবা মায়ের শুনবো বারণ
-কেউ হবো না দুঃখের কারণ

* দুঃখীজনের সহায় হবো
- সদাই তাদের পাশে রবো

* করবো না ভয় পড়া লিখায়
- শিখব টিচার যেমন শিখায়

* সবাই খুশি মনে লিখি পড়ি
-এসো মনের মত জীবন গড়ি
sp

May 4, 2015

ভুলে ঘেরা ঘুণে ধরা
পাংশুটে মলাটে-
খুঁজে ফেরা আনকোরা
স্মৃতি সব ঘোলাটে !
তুলে রাখা ঝুলে থাকা
আসমানী গোলাতে দেখে নেয়া লিখে দেয়া
উত্তর ললাটে !!
sp

May 3, 2015

হ্যা..........................।
দফা ঘোষণা করা হয়-ই
দফা-গুলোর রফা করার জন্য..
কথা দেওয়া হয়..না রাখার জন্য
নিয়ম তৈরী হয়-
নিয়ম ভাঙ্গার জন্য.............. !!
দেখছি সবই শুনছি কানে
বলছি না কেউ কিছুঅ
বলতে গেলেই সবাই জানে-
ধরবে মরণ পিছু !
ওরে__
যখন এক দুঃখের জনক হাজার-
তখন এই দুঃখ তো নয় খন্ডাবার !
sp

ইচ্ছে ....................
অনেক দিনের ইচ্ছে মনে 
মিথ্যাচারির মুখে
ঘৃণার থু থু মারবো ছুঁড়ে
তুলবো চরণ বুকে
তিক্ত বোধের রোষানলে
পুড়িয়ে দেব মন
অত্যাচারীর চোখের জলে
নাইবো আজীবন !!
sp

হায়রে চেতন !
---------------------------
ঐ হুড় গুড় গুড় হুক্কা টানে
কলির চেতন সাঁই-
হুক্কার টানে সাত আসমানে
উড়ছে ধোঁয়া ছাই !
চেতন বন্ধ চোখে স্বপ্ন দেখে
হাজার তারার বাতি
জ্বালিয়ে নাচে- আঁচল ঢেকে
হুর পরী দিন রাতি !
এমন হুকা টানার বদৌলতে
চেতন অবশেষে
রয় অচেতন- কালের স্রোতে ভাসলো নিরুদ্দেশে !!
sp 



May 2, 2015

কবি'র কলম !
কি করে বিক্রি হবে ? অসম্ভব !
এই কলম যে বড়-ই অমূল্য
দাম দিয়ে কি কেনা যায় তারে ?
নাকি আছে কিছু সমতুল্য ?
sp 


( মহান মে দিবসে )
"তোমরা- ভেবেছ কি ?"
কৃষক :-
শক্ত মুঠিতে তুমি ধরে যে লাঙ্গল
এ মাটির বুক চিরে ফলাও ফসল
তবু কেন জোটেনা তোমাদের অন্ন
ফসল ফলাও তবে বলো কার জন্য ?
কুমোর :-
এই শক্ত মাটিরে নরম করে
ছাঁচে ফেলে তুমি যত্ন করে
নিয়ত বানাও যে হাঁড়ি-বাটি-থাল
সে হাঁড়িতে করে খানিকটা চাল
ফোটে না কেন বলো তোমারি জন্য
সে বাসন গড় তুমি বল কার জন্য ?
কামার :-
আগুনের পাশে বসে হাঁপর চালাও
ঘামে নেয়ে প্রাণপন হাতুড়ি পেটাও
কঠিন লোহারে তুমি নরম করে
হাতিয়ার গড়ে তোলো কাহার তরে ?
----------------------------------------
সুলতানা পারভীন

April 30, 2015

তাক ডুমা ডুম বাদ্যি বাজে
বাদ্যি বাজে রে
মেঘ- বাতাসে ঈশান কোণে
কন্যা সাজে রে
কন্যার সাজ দেখে
নিভে যায় তারা
দেশময় জেগে ওঠে
বৈশাখী সাড়া
আয় কন্যা নেমে আয়
ঝড় দিয়ে যা
বাংলার মাটি থেকে
বর নিয়ে যা
এই বাংলার মাটি রে
সোনার চেয়ে খাঁটি রে....

( প্রচলিত )

গ্যারোডি---------------  

দেশ ডুবাইল পাগল ছাগলে --
হায়রে-
দেশ ডুবাইল পাগল ছাগলে --
ছেলে মেয়ে-
পড়া থুইয়া যায়গা মিছিলে
আমরা.....
কত আশায় ভোট দিছিলাম
মন্ত্রী-নেতার লাইগা
কতো মারপিট করছিলাম
মোদের সকল আশা --
মোদের সকল আশা
সকল চেষ্টা গেলো বিফলে...
হায়রে-
দেশ ডুবাইল পাগল ছাগলে --
দেশে কতো গজব চলতাছে
আস্তিক-নাস্তিক
মিইলা রক্তের হোলি খেলতাছে
আম জনতা আমরা মরি--
আম জনতা আমরা মরি
পইড়া হেগোর যাতাকলে--
হায়রে-
দেশ ডুবাইল পাগল ছাগলে !!
-------------------------------
সুলতানা পারভীন


স্পিকটি নট......................
খোঁড়ারে কভু বলোনা খোঁড়া 
কানারে বলোনা কানা 
কষ্টেরে তেমন বলোনা কষ্ট 
শাস্ত্রে আছে যে মানা 
নেই মাছে ভাতে ?
কি হয়েছে তাতে ?
না খেয়ে তো কেউ মরে না- 
দেশে হরতাল ?
হলে বেসামাল ?
তেনাদের দোষ দিওনা পষ্ট !
সব'ই স্বভাবের দোষ 
করো নিয়ত আপোষ
কথার চালে পেট ভরে না ?
শত আলাপের ঝড়ে 
 নত প্রলাপের জ্বরে-
যত চুশিলেরা হলো পথভ্রষ্ট !!
----------------------------
সুলতানা পারভীন  

( প্রয়াত নাজমুল হক হেলাল ভাইয়ের স্মরণে )
এক সময়ের "তাজা খবরররররর" ( আজকে বাসি )
আজ তোমাদেরকে একটা  টাটকা তাজা গল্প --থুককু 
সত্য ঘটনা  শোনাব .........
একদিন-  "তোমার আমার স্বপ্ন ভাবনা" নিয়ে- 
"আমরা ক'জন" মিলে... "অনুসন্ধান" -এ (অনুসন্ধানী ) 

বেরোলাম। বেনজিন দাদাভাই- মুর্শিদা হক মুন্নি আপা- জিয়া- 
হাসান দেওয়ান আরো অনেকে।
গন্তব্য- "লার্জেস্ট ফেসবুক"

যেতে- যেতে- যেতে....
"আমরা ক'জন" এর হাসান দেওয়ান করলো এক্সিডেন্ট- 
এক্সিডেন্ট টা কেন হলো কি ভাবে হলো- অনুসন্ধানে নামলো 

দাদাভাই বেনজিন-
সংবাদ দেওয়া হলো- "প্রজন্ম চত্বর মিশিগানের" 

নাজমুল হক হেলাল ভাইকে-                          
তিনি জানালেন নায়ক ইলিয়াস কাঞ্চনকে- 
কাঞ্চন ভাই- স্লোগান তুললেন  "নিরাপদ সড়ক চাই" 

তারপর ... 
যেতে- যেতে- যেতে... 

"আওয়ার স্পিচ" দাঁড়িয়ে ছিল পথে-
আমাদের অপেক্ষায় ..বললো কোথায় যাও তোমরা ? 

আমাদের-ও সাথে নাও
এর পর একে একে সঙ্গী হলো- "শেষ বিকেলের ঘাস ফড়িং বন্ধু" একরাশ গান-গল্প-কবিতার ঝুড়ি নিয়ে- 
পথের একধারে শুকনো মুখে দাঁড়িয়েছিল  "সার্চিং ফর মাই লাভ"-এর প্রত্যাশা নিয়ে আকরাম ফারুক ওরফে আকু , বললো সঙ্গে যাব-
চল- বলে সঙ্গে নিলাম-
গন্তব্য ? "লার্জেস্ট ফেসবুক"।
ওদিকে "লার্জেস্ট ফেসবুক"-এর অসীম চান্দা বাপ্পি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা 

করছেন আমাদের জন্য- আর ঘর-বার ঘর-বার করছেন-
তারপর ? 
ঘর-বার করছেন 
তারপর ? 
উনি ওদিকে যখন অস্থির ঘর-বার করছেন আমরা তখন এদিকে .....
কি ? 
আমরা তখন এদিকে......
আরে এদিকে কি ? 
আমরা তখন এদিকে  "প্রজন্ম চত্বর মিশিগানকে" 

উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানাতে-
পেজ ফিড-এ গিয়ে ধুম ধাম কিছু 'লাইক' 'পেজ' দিয়ে গিফট টিফট ভরে 
'নিউজ ফিড' থেকে  টাটকা তাজা কিছু 'নিউজ' কিছু 'ফটোস' সহকারে 'মেসেজ' বাক্স বোঝাই করে...... গুগল বাবুর পিঠে চড়িয়ে....স্বপ্নের পুরি  "এস পি" হয়ে 
সোজা মিশিগান........।
ওখানে হেলাল ভাই ........................ যাক , 

এদিকে অসীম চান্দা বাপ্পির কি হলো ?
তিনি তো অপেক্ষা করতে- করতে- করতে...
অপেক্ষা করতে করতে ?

অপেক্ষা করতে করতে কি হলো তাঁর ?
চলুন না সবাই মিলে দেখে আসি
<------------------------------x--------------------------->
(আজ আরও অনেকেই এই এফবি-তে চলার পথে যুক্ত হয়েছেন..... নেই শুধু এই মানুষটি) 
সুলতানা পারভীন  
 

 

April 29, 2015

মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানে বসবাসরত, বাংলাদেশী কমিউনিটির মানুষের যে কোন সমস্যায়- যিনি নিজেকে সর্বদা মানবিক কর্মকান্ডে নিয়জিত রাখার মধ্য দিয়ে জনপ্রিয়তা ও সিলেটি তথা বাংলাদেশী কমিউনিটিতে বিশ্বস্থতা অর্জনকারী প্রিয়মুখ- নাজমুল হক হেলাল ভাই । মিশিগান প্রবাসীদের সুখ-দুঃখের সাথী ও অত্যন্ত ঘনিষ্ট আপনজন, মানবিক মূল্যবোধ সম্পন্ন সমাজ-সংস্কৃতিতে বেড়ে ওঠা প্রগতিশীল চিন্তা চেতনায় বিশ্বাসী সজ্জন ব্যক্তিত্ব, জালালাবাদ অ্যাসোসিয়েশন মিশিগান এর সভাপতি ও অসংখ্য সামাজিক সাংস্কৃকিত সংগঠনের সাথে জড়িত ছিলেন । তাঁর না ফেরার দেশে প্রস্থানের এক বছর পূর্তিতে..তাঁর স্মরণে-

হে গুণী...
তুমি ছিলে মানবতার কাঞ্চন মণি-
আজো শুনি...
কানে বাজে তোমার দৃপ্ত চরণ ধ্বণি।
স্মরণীয় তুমি...
কেউ ভুলিনি তোমায় ভুলবো নাতো-
গিয়েছ এ ধরায় রেখে কীর্তি যে শত
তুমি মিশে আছো নিয়ত কথায়-কাজে-
রয়েছ অমর হয়ে মোদের হৃদয় মাঝে
মিশিগান হতে এই সোনার বাংলাদেশ-
গুণগাঁথা তব এক জনমে হবেনা শেষ !! 
sp 

প্রবঞ্চকের প্রাণের চেয়ে.....
প্রবঞ্চিতের বিশ্বাসের মূল্য অ- নে- ক বেশি 
sp 


ঠকে হেরে যাওয়াও ভালো-
ঠকিয়ে জেতার চেয়ে... 
যদিও...
প্রথম'টায় আছে শোক-সন্তাপ 
কিন্তু...
দ্বিতীয়'টায় ? শুধুই অভিশাপ !!   
sp 

মানুষ তো প্রতিনিয়ত প্রত্যাবর্তনের পথেই চলছে-
যাত্রা শুরু থেকে যতটুকু পথ অতিক্রম করে-
ঠিক ততটুকু পথ'ই প্রত্যাবর্তনের পথে এগিয়ে থাকে।
sp 

সোনামণির কষ্ট !
-----------------------
আমি ছোট্ট সোনামণি 
বয়স বছর তিন-
এই বয়সেই শুরু হলো 
আমার দুঃখের দিন
ভোর না হতেই আম্মু 
বলে, তাড়াতাড়ি ওঠো 
ফ্রেশ হয়ে নাও- খেয়ে 
এবার স্কুলেতে ছোটো
ঘুমের বোঝা তখনো যে 
আমার দু'চোখ জুড়ে-
যাবোনা মা স্কুলে আজ 
কাঁদি হাত-পা ছুঁড়ে
স্কুলে ওই মিস গুলো সব
কেমন যেন লাগে-
পড়া-লিখায় ভুল হলে মা 
ওরা ভিষণ রাগে
তোমায় ছেড়ে থাকতে বড় 
কষ্ট বাজে বুকে-
তাইতো পড়ায় ভুল হয় মা 
কাঁদি মনের দুঃখে
আর কিছুদিন যাকনা মাগো 
পড়তে দিও বই-
মা- এখন আমায় সঙ্গে রাখো  
তোমার কাছে রই ??
sp