January 31, 2016

"নির্বাসনে কবিতা"
বাদল কৃষ্ণ বণিক
------------------------------

সম্পাদকীয়
-------------------------------
যদিও...
জীবনের পরতে পরতে জমে
বেদনার পলি দ্বিধাহীন-
তবু...
চলে চাষাবাদ কাগজে-কলমে
কবিতার বুকের জমিন !!


সাহিত্যাঙ্গনে "কবি" শব্দ'টি সবচেয়ে ছোট কিন্তু এই সৃষ্টিজগতের সর্বত্রই তার সাবলীল পদচারণা। ভাবের ভূবনে কবি'র জন্য নিষিদ্ধ এলাকা বলে কিছু নেই- যখন যেখানে খুশি যে ভাবে ইচ্ছে যেতে পারে- সপ্ত আসমান হতে অতল গহ্বর অব্দি । 'কবি'- অন্ধকারের বুক চিরে- হতাশার পাহাড় খুঁড়ে- এক নিমেষে ছিনিয়ে আনতে পারে ঝলমলে আশার আলো। 'কবি' হচ্ছে অদূর ভবিষ্যতের টাইম মেশিনের মত- ভাবনার উদয় হওয়া মাত্র'ই ফিরে যেতে পারে সুদূর অতীতে- হাতের মুঠোয় ভরে আনতে পারে প্রাচীন সভ্যতার ইতিহাস - এঁকে ফেলতে পারে স্বপ্নময় ভবিষ্যতের চিত্র। কবির কলম হচ্ছে বহুরূপি হাতিয়ার। যা- কখনো হয়ে ওঠে কৃষকের লাঙ্গলের ফলা- চষে অন্তর জমিন- চেতনার ফসলে ভরে তোলে মগজের গোলা। কখনো হয়ে ওঠে ক্ষিপ্ত দাবানল- পুড়িয়ে করে ছাইভস্ম অনাচারের জঙ্গল। প্রিয়তমসু'র অঝোর শ্রাবণ চোখে আনতে পারে অকাল বসন্ত।
কবির কলম কথা বলে নিয়মের- সত্য ন্যায়ের পথে আজন্ম মুসাফির।  অন্যায়- অনিয়ম- অসমতার বিরুদ্ধে সদা জাগ্রত প্রহরী- বিদ্রোহী- সোচ্চার সৈনিক কবি। 

তেমন'ই একজন কবি বাদল কৃষ্ণ বণিক-যিনি বিশৃঙ্খল আর্থসামাজিক প্রেক্ষাপটে- অস্থির রাজনৈতিক পরিস্থিতির আবর্তনে শত প্রতিবন্ধকতার মাঝে'ও প্রদীপ্ত চেতনার আলোকচ্ছটা বিচ্ছুরণ করে চলেছেন তাঁর অদম্য লিখনিশক্তির মধ্য দিয়ে। এই কবির লেখায় চিত্রিত হয়েছে প্রেমভাব রসে আপ্লুত দু'টি মনের আকুলতা- অন্যায়ের বিরদ্ধে সোচ্চার হয়েছে নির্বাক অন্তর। এমনি হাজারো আনন্দ- বেদনা, স্বপ্ন-কল্পনার বিমূর্ত চিত্র নিয়ে যথার্থ প্রচ্ছদের আচ্ছাদনে "নির্বাসনে কবিতা" কাব্য সংকলন- পাঠকের করকমলে উপহার দিলেন ২০১৬একুশের বইমেলায়- প্রচার বিমূখ- নিভৃতচারী এই লেখক- বাদল কৃষ্ণ বণিক। আমি তাঁর ক্ষুরধার লিখনীর উত্তরোত্তর নিপুণতা কামনা করি। 
  

January 30, 2016

"নির্বাসনে কবিতা"
কবি পরিচিতিঃ-
কবি বাদল কৃষ্ণ বণিক হবিগঞ্জ  জেলার নবীগঞ্জ  উপজেলার মধ্য বাজারস্থ বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় শ্যামলাল বণিকের কনিষ্ঠ সন্তান । ১লা জুলাই ১৯৬৭ সালে জন্ম নেয়া এই কবি বাদল কৃষ্ণ বণিক ছোট বেলা থেকেই কবিতা লিখেন।  স্কুল- কলেজ জীবনে দেয়ালিকায় প্রকাশ করতেন- এক সময়ে "অনিয়মিত ম্যাগাজিন আনন্দময়ী বার্তা" নামে একটি ম্যাগাজিন নিজে সম্পাদনাও করেছেন। স্কুল কলেজ জীবনের  মেধাবী এই কবি- সোনালী ব্যাংকে চাকরি করেন। চাকুরী জীবনে নানারকম জটিলতার  কারণে দীর্ঘ একটা সময় সরে ছিলেন লেখার জগৎ থেকে । তবুও মাঝে মধ্যে সুযোগ পেলেই কোন কোন ম্যাগাজিন/ স্হানীয় পত্রিকায় লিখতেন। নিভৃতচারী এই কবি নিজেকে তেমন প্রকাশ করতে চান না। শিশুদের জন্য আগামী সুন্দর ভবিষ্যতের প্রত্যয়ে ১৯৮৫ সালে "কিংশুক শিশুকিশোর" সংগঠনের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রবীন্দ্রসংগীত পিপাসু এই কবি- রবীঠাকুরের প্রতি ভিষণ অনুরক্ত ।
১৯৮২ইং এস এস সি ১৯৮৪ইং এইচ এস সি এবং পরে প্রাইভেটে ডিগ্রী ও ইসলামের ইতিহাসে মাষ্টার্স পাশ করেন।
দুই ছেলে প্লাবন ও প্রাঙ্গন এবং সহধর্মীনি প্রাইমারী শিক্ষিকা শিবানী বণিককে নিয়ে ছোট সংসার । কবি বাদল কৃষ্ণ বণিক ফেইসবুকে কাব্যিক রসের  কবিতা লিখে অনেক পাঠকের মন কেড়েছেন। তাছাড়া এই ফেইসবুকের মাধ্যমে বিভিন্ন অনলাইন পত্রিকায়ও তাঁর কবিতা প্রকাশ হয়েছে । বাংলাদেশ সাহিত্য পরিষদ 'বাসাপ' এর বেশ কিছু বিশেষ কাব্য সংকলনেও তাঁর কবিতা মুদ্রিত হয়েছে- তৎমধ্যে "কবিতায় বর্ষবরণ" এ তিনটি এবং প্রথম কাব্যসমগ্র "কবিতার খাম"-এ চার'টি কবিতা প্রকাশিত হয়েছে।
২০১৫ সালে বাংলাদেশ সাহিত্য পরিষদ 'বাসাপ' থেকে সেরা কবি হিসেবে নির্বাচিত হন। এবারের একুশে  বইমেলা ২০১৬- নিয়ে এলো তাঁর একক কাব্যগ্রন্থ  "নির্বাসনে কবিতা" চমৎকার প্রচ্ছদের অন্তঃপুরে হৃদয়গ্রাহী শব্দভাণ্ডারে সজ্জিত কবিতামালা ।     
-----------------------------------------------------------------------------------------------------------------------


কৃতজ্ঞতায়ঃ
----------------------------------------------
"বর্ণমালা সাহিত্য পরিষদ" আউশকান্দি নবীগঞ্জ 
রমা সরকার - কলকাতা
সাফিনা ইয়াসমিন - কলকাতা



বিঃ দ্রঃ - "ইতিহাস কথা কয়" শিরোনামের কবিতাটি আগেই ছাপানো হয়েছে। তাই এই কবিতা'টি বাদ দিতে হবে। 





 সম্পাদকীয়
 "প্রকৃতির পাঠশালা"
লেখক : মোঃ নূরুজ্জামান ওরফে শাহজামান।
-------------------------------------------
 মোঃ নূরুজ্জামান ওরফে শাহজামানএকজন সংস্কৃতিমনা সাধক ও ভাবুক প্রকৃতির মানুষ । তিনি সংস্কৃতি চর্চা ও সাধনায় জ্ঞান অর্জনে- অসংখ্য লেখকের বই পড়েছেন এবং ইসলামী চিন্তা চেতনা লালনের নিমিত্তে নিরন্তর গবেষণায় নিমগ্ন থাকেন। ইতিপূর্বে এই কৃতি লেখক অসংখ্য কবিতা, ছড়া, গজল ইসলামী গান ইত্যাদি রচনা করে স্বনামধন্য গীতিকার হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হয়েছে। সিলেট বেতারে তাঁর গান প্রচারিত হয়েছে- নামীদামী কন্ঠশিল্পীরা তাঁর রচিত গান গেয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলেন। তাঁর রচিত নব নব রসে রসালো শিশুতোষ , দেশাত্মবোধক ও ইসলামী ভাবধারায় প্রায় সাত থেকে আট'শত গান, গজল, কবিতা লিপিবদ্ধ হয়েছে। লেখক নূরুজ্জামান ওরফে শাহজামান কর্তৃক রচিত "জামান গীতি" পুস্তক খানা তাঁর প্রথম সংকলন। তাঁর দ্বিতীয় রচনা সংকলন প্রায় আটচল্লিশটি কবিতা নিয়ে চমৎকার প্রচ্ছদে "প্রকৃতির পাঠশালা" এলো এবারের একুশের বইমেলা-২০১৬ । আশা করি- জড় ও জীব বিষয়ে তথ্যমূলক এই কবিতা সংকলন "প্রকৃতির পাঠশালা" আবারও তাঁর গুণমুগ্ধ সকল পাঠকের মন জয় করতে সক্ষম হবে। আমি এই সংস্কৃতিমনা প্রবীণ লেখকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
_____________________________________________________________________________
                                                                                                                                                                           
"প্রকৃতির পাঠশালা"
 লেখক পরিচিতি :

মোঃ নূরুজ্জামান ওরফে শাহজামান ১৯৫১ সালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় ৫নং আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামে জন্মগ্রহণ করেন।  স্ত্রী- দুই কন্যা- চার পুত্র নিয়ে তাঁর সুখের স্বর্গ।  লেখক নূরুজ্জামান- একাধারে কবি- গীতিকার এবং সাধক'ও বটে। নিভৃতচারী এই লেখকের সৃষ্টিকর্মে উদ্ভাসিত হয় প্রকৃতি ও মানুষের সঙ্গে মহান স্রষ্টার অভূতপূর্ব নিবিড় সম্পর্কের এক সার্থক চিত্র যা- চেতনার মর্মমূলকে স্পর্শ করে।

তিনি প্রতিনিয়ত আধ্যাত্মিকতা- দেহতত্ত্ব- ঈশ্বরতত্ব- সমসাময়িক আর্থসামাজিক-  রাজনৈতিক প্রেক্ষাপটসহ নানান বিষয় সমূহের তিক্ত-অমৃত রস আহরণ করে চলেছেন যা- প্রাঞ্জল ভাষায় সহজবোধ্য সাবলীল বর্ণনার মাধ্যমে মানুষের অন্তরের অতল সীমানা পর্যন্ত পৌঁছে দিয়ে আলোড়ন তুলতে সক্ষম হয়েছেন ।

এই স্বনামধন্য লেখকের প্রথম সঙ্গীত সংকলন "জামান গীতি" ইতিমধ্যেই নামী কন্ঠশিল্পীদের পরিবেশনায় যথেষ্ট সাড়া জাগানো সুনাম অর্জনে মাইলফলক স্থাপন করেছে। তাঁর রচিত বেশ কিছু সংখ্যক গান এ্যালবাম আকারে শ্রোতাদের মাঝে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে।  গুণী এই লেখক/গীতিকারের অগণিত গানের পান্ডুলিপি রয়েছে প্রকাশের অপেক্ষায়। এবার দৃষ্টিনন্দন প্রচ্ছদের আবরণে আটচল্লিশ'টি কবিতা নিয়ে একুশের বইমেলা- ২০১৬  তাঁর দ্বিতীয় কাব্য সংকলন "প্রকৃতির পাঠশালা" ।        

January 20, 2016

শাপে বর !!
শুরু'টা কিভাবে কখন- কোথায় হয়েছিল....
আজ আর মনে পড়ে না- শুধু মনে আছে ,
একদিন আমার জগৎ ছিল তুমিময় !!
এক সূর্য্যদয় হতে পরবর্তী সূর্য্যদয় অব্দি....
প্রত্যেকটি মুহুর্তে ছিলে- নিত্য-নৈমিত্তিক
চাওয়া-পাওয়া'র সমস্ত বিষয়-আশয় !!
আমি ছিলাম সূর্য্য নির্ভর চাঁদের মত-আর....
চাঁদ নির্ভর জোত্স্নার মতই- আদ্যপান্ত
তোমার প্রতি'ই একান্ত নির্ভরশীল !!
এমন'ই শেঁকড়-বাঁকড়হীন স্বর্ণলতা হয়ে....
জড়িয়ে ছিলাম তোমায় যে....
আর বিশ্বাস ?!
সে তো ছিল আজন্ম প্রতিবন্ধী- 
বাঁধন'টা ছিল আলগা বেজায়-
বুঝিনি কখন- অকস্মাৎ...অক্কা পেলো !!
এবং আজকে আমি- হাওয়ায় দোলা-
তোমাশ্রয়ী আলটুকুনি আলগা লতা নই....
আমি আজ কঠিন মাটির কোমল বুকে
শেঁকড়গাড়া দূর্ব্বাতলা !!   
sp
 

 

January 13, 2016

স্মৃতির আঁতুড় ঘরে-
নিয়মের হাত ধরে-
বিস্মৃতি বাস করে !
sp 

মন তো সেদিন'ই মরেছিলো
যেদিন তোমার তাসের ঘরে
বিশ্বাসের বসতি গড়েছিলো !!
 sp

January 12, 2016

যেদিন প্রথম দেখা
মনে হয়েছিল-
যেন জন্ম-জন্মান্তরের চেনা তুমি ।
কেন বল তো ?

যেদিন শেষ দেখা
অদ্ভুত লেগেছিল -
যুগলে যুগ অবসানেও কত অচেনা তুমি !
sp