অঙ্গীকার .......
--------------------------------------------------------------------------------------------------
আকাশে বাতাসে ফিসফিসানি ! অলি-গলিতে কানাকানি-
আশ্লেষ-বিশ্লেষ-আফসোসের গুঞ্জন ধ্বণি...মরেছে...অবশেষে !
- কে ? কে মরলো ?
- জ্বর ব্যাধি বুকে- ধুঁকে ধুঁকে মরলো ত্রিমস্তকি ওই বুড়ো 'সমাজ'টা।
তা...ভালই হয়েছে , অনেক সয়েছে বেচারা অনাচারের চাবুকে ক্ষত-বিক্ষত ,
অবিচারের পদাঘাতে জরাজীর্ণ - অনিয়মের কারাগারে বন্দী ছিল বহুকাল।
আর কত সইবে বলো ? মরে বেঁচেছে বুড়ো'টা- দাহ কাফন হয়নি কিছুই ......
- কেন - কেন ?
- এই যাহ ! আবাল যেন... কিচ্ছু জানেনা ! কে করবে ? যার যার মত ব্যস্ত সবাই....
সময় নেই যে কারো।
- এ কেমন কথা ! পঁচে দুর্গন্ধ ছড়াবে যে !
- তা'তে কি ? পারফিউম আছে না ! মুক্ত বাজারে যৌথ পুঁজির ঝাঁ চকচকে মোড়কে-
ফরেন লেবেল সাঁটা ! বুড়ো 'সমাজের' জ্ঞাতি-গুষ্টি'রা বড়'ই দরাজ'দিল..
খুব বেশি দুর্গন্ধ ছড়ালে বুড়োর লাশে'ও ছড়িয়ে দেবে খানিক'টা-
থু-থু ছিটানোর মত..... ছিত ছিত করে !
- ধু-উর ... কি যে বলো , দুর্গন্ধ ঢাকলেও... ভাইরাস,ব্যাকটেরিয়া--ব্যাধি বিস্তার করবে যে !
- করুক- তা'তে কার কি ? বুড়োর জ্ঞাতি গুষ্টি.. মস্ত বড় ধনী-
প্রয়োজনে দেদার টাকা খরচ করে ,ভ্যালোর-মাদ্রাজ-কলকাতা.. চাইলে....
সিঙ্গাপুর-ইউরোপ- মায় আমেরিকা পর্যন্ত যাবে চিকিত্সা নিতে।
- আর যাদের ক্ষমতা নেই ?
- তারা তো কীট-পতঙ্গ , তাদের মরা বাঁচায় কি আসে যায় ?\
- এটা হতে পারে না।ওই কীট-পতঙ্গ'রাই তো ....
বাঁচিয়ে রেখেছে বুড়ো 'সমাজের' নামী দামী জ্ঞাতি- গুষ্টিকে !
- সেটা কি বোঝে নাদান কীটপতঙ্গ গুলো ? ওরা তো খানিক'টা উচ্ছিষ্ট পেলেই ধণ্য হয়ে...
ধুঁকে ধুঁকে বাঁচে ! কে হে তুমি ? এত কিছু জানতে চাইছ ?
আগে তো দেখিনি কখনো ! নাম- ধাম- কাম কি তোমার ?
আমি ? চ্যাঞ্জমেকার- ধাম ? সমগ্র বিশ্ব- কাম ? অনিয়ম-অনাচারের জঞ্জাল করি সাফ।
অত্যাচারের ভুত-পেত্নী 'আচারের' বোতলে পুরে সুনীয়মের পাতালে দেই পুঁতে।
- তা বেশ - বেশ- কর তুমি যা পারো। আমরাও আছি , কাছাকাছি তোমার সাথে।
- আমি , বুড়ো 'সমাজের' লাশ অন্ধকারের কালো কাফনে মুড়ে কাঁধে তুলে নিয়ে ছুটে যাই-
দিগন্ত ছোঁয়া মুক্ত প্রান্তরে , তার বুকের জমিনে গাঁথি প্রতিরোধের শাণিত কোদাল- গগণ বিদারী
আর্তচিত্কারে প্রতিবাদ করে বুকের জমিন-
- না- খুঁড়ো না আমায়- আমার বুকে বুড়ো সমাজের নেই কোনো স্থান-
হতবাক বিহ্বল আমি , শুধাই জমিনে- কি কারণ ?
- বুড়োর আপাদমস্তক ছিঁড়ে-খুঁড়ে দেখো , বিবেক শুন্য 'সমাজের' জ্ঞাতি-গুষ্টি'রা তার 'বিবেক'টাকে
ছিনিয়ে নিয়ে দিয়েছে নির্বাসন- "অগম্য-অচিন পুরে- যার ঠিকানা - নেই কারো জানা। বিবেক বিনে
আমি পারবোনা দিতে স্থান এ বুকে আমার....
- নিরুপায় আমি শুধাই তারে- উপায় বলো। নির্বিকার বুকের জমিন বলে....
- যদি খুঁজে এনে দিতে পারো- বুড়ো 'সমাজের' বিবেক তুমি, তবেই দিতে পারি........
সাড়ে তিন হাত জায়গা তারে- আমার এ বুকের কন্দরে ।
অগত্যা ছুটে চলি বুড়ো'র পঁচা লাশ কাঁধে- খুঁজে ফিরি , কোথায় বিবেক ! কোন সে অগম্য-অচিন পুরে ?
দিন- মাস- বছর পেরোয়.... বুড়ো সমাজের পঁচা লাশ , রোদে পুড়ে , জলে ভিজে দিবালোকে-ভরা জোছনায়
উদোম বুড়ো- অমানিশার গহীন আঁধারে আবৃত হয় । ছুটে যাই উত্তাল সমুদ্র পানে - মনে আশা...
ভাসিয়ে দেব তার লাশ- তরঙ্গ-তিমিরে । গর্জে ওঠে সাগর .. না- বিবেকহীনেরহবে না ঠাঁই আমার পবিত্র জলে... !
অতঃপর ক্লান্ত-পরিশ্রান্ত আমি , বেসামাল .. লঘুচরণে নিয়ে ফেলি বুড়োকে- শশ্মানের শ্যাওড়া তলায়। বুক ভরে
শ্বাস নেই পুলকিত মনে - এবার বুঝি হবে গতি বুড়ো 'সমাজের' ! জীর্ণ-শীর্ণ পঁচা লাশ'টাকে পুড়িয়ে ছাই করে উড়িয়ে
দেব আকাশে-বাতাসে। তেনারাও ছিলেন রাজি। কিন্তু ... বাধ সাধলো স্বয়ং অগ্নিচণ্ডাল ! দূর হও লয়ে বিবেকহীনে -
দেব না তিলার্ধ অগ্নিকণা । সেই থেকে আজও বুড়োর পঁচা লাশ কাঁধে বয়ে চলেছি । কত যুগ-যুগান্তর মহাকালের স্রোতে গেল ভেসে... অদ্যাবধি মেলেনি বিবেকের খোঁজ ! যদি পাও কেউ বিবেকের সন্ধান জানিয়ে দিও ভাই....এই ঠিকানায় : চ্যাঞ্জমেকার ডট কম ।
পুনশ্চ; যদি ফিরে পাই 'সমাজের বিবেক'টারে- কথা দিচ্ছি ... আমূল বদলে দেব সমাজের রূপ- ফিরিয়ে আনবো হারানো সম্পদ , বিলিয়ে দেব ওই কীট-পতঙ্গের মাঝে- যেন তারা ক্রমে ক্রমে হয়ে ওঠে.... এক-একটি মানুষ ! আর.. অনাচার-অবিচার-অত্যাচার নামের ভুত-পেত্নিগুলোর একে একে তুলে নেব লালসার ছাল- হিসেবের নূন-মরিচে মেখে- ঝলসে নেব প্রতিশোধের নীল আগুনে ।
পরিশেষে .... হাড়গোড় কঙ্কাল- বিবর্তনের বোতলে পুরে দেব আজন্মের নির্বাসন- ওদের'ই সেই অগম্য-অচিন পুরে । এ আমার অঙ্গীকার .... আমি চ্যাঞ্জমেকার ।
sp