দুরাশার মৃত্যু
-----------
সুকান্ত ভট্রাচার্য্য
-------------
দ্বারে মৃত্যু ,
বনে বনে লেগেছে জোয়ার ,
পিছনে কি পথ নেই আর ?
আমাদের এই পলায়ন
জেনেছে মরণ ,
অনুগামী ধুর্ত পিছে পিছে ,
প্রস্থানের চেষ্টা হলো মিছে
দাবানল !
ব্যর্থ হলো শুষ্ক অশ্রু জল ,
বেনামী কৌশল
জেনেছে যে আরণ্যক প্রাণী
তাই শেষে নির্মুল বনানী
"কলম"
-------
সুকান্ত ভট্রাচার্য্য
-------------
কলম , তুমি কত না যুগ কত না কাল ধরে
অক্ষরে অক্ষরে
গিয়েছ শুধু ক্লান্তিহীন কাহিনী শুরু করে
কলম , তুমি কাহিনী লেখো , তোমার কাহিনী কি
দুঃখে জ্বলে তলোয়ারের মতন ঝিকিমিকি ?
কলম, তুমি শুধু বারংবার,
আনত করে ক্লান্ত ঘা'ড়
গিয়েছ লিখে স্বপ্ন আর পুরনো কত কথা ,
সাহিত্যের দাসত্বের ক্ষুধিত বশ্যতা
ভগ্ন নিব , রুগ্ন দেহ , জলের মত কালি ,
কলম , তুমি নিরাপদ তবুও গালাগালি
খেয়েছ আর সয়েছ কত লেখকদের ঘৃনা ,
কলম ,তুমি চেষ্টা কর ,দাঁড়াতে পারো কি না
হে কলম , তুমি ইতিহাস গিয়েছ লিখে
লিখে লিখে শুধু ছড়িয়ে দিয়েছ চতুর্দিকে।
কত না শতাব্দী , যুগ থেকে তুমি আজও আছ দাস ,
প্রত্যেক লেখায় শুনি কেবল তোমার দীর্ঘশ্বাস
দিন নেই , রাত্রি নেই , শ্রান্তিহীন , নেই কোনো ছুটি ,
একটু অবাধ্য হলে তক্ষুনি ভ্রুকুটি ;
এমনি করেই কাটে দুর্ভাগা তোমার বারো মাস ,
কয়েকটি পয়সায় কেনা , হে কলম , তুমি ক্রীতদাস
তাই যত লেখ ,তত পরিশ্রম এসে হয় জড়ো :
-কলম। বিদ্রোহ আজ। দল বেঁধে ধর্মঘট করো
লেখক স্তম্ভিত হোক , কেরানীরা ছেড়ে দিক হাঁফ ,
মহাজনী বন্ধ হোক , বন্ধ হোক মজুরের পাপ ;
উদ্বেগ-আকুল হোক প্রিয়া যত দূর দূর দেশে ,
কলম। বিদ্রোহ আজ , ধর্মঘট , হোক অবশেষে ;
আর কালো কালি নয় , রক্তে আজ ইতিহাস লিখে
দেওয়ালে দেওয়ালে এঁটে , হে কলম ,
আনো দিকে দিকে ।।