May 15, 2016

"আবোল তাবোল ভাবনা সকল"
----------------------------------
কতদিন হলো- আমি আমার সেই ..
'আমি'টাকে হারিয়ে ফেলেছি- !!
কবে কখন কিভাবে-
শুরু হয়েছিল জীবনের পথ চলা-
মনেও পড়ে না-
মহাকালের স্রোতে বয়ে গেল কত- ফাগুনের মাতাল হাওয়া-
কৃষ্ণচূড়ার লালিমায় রাঙিয়ে
বৈশাখী প্রলয় মাতম-
ধূলি ধুসরিত ধরণী কাঁপিয়ে
শ্রাবণের বাদল ধারায় ধুয়ে গেল
হৃদয়ের নিকোনো উঠোন-
শরতের শিউলি ঝরা নরম সকাল-
হিমেল হাওয়ায় ভেজা পৌষ পার্বণ !
জীবনের দিনলিপি হতে-
শুকনো পাতার মত ঝরে গেছে-
এক একটি সোনালি দিন...
হয়তো আজও তেমনি আছে সেই-
ঘন পত্রপল্লবে ছাওয়া শ্যাওড়া গাছ'টা
যার তলে দাঁড়িয়ে ক্ষনিক বিশ্রাম নিত
রোদে পুড়ে ঘেমে নাওয়া এই 'আমি'টা !
বইয়ের ভারে ক্লান্ত- মাথায় না নেয়া
ছাতা- হাতে ঘুরিয়ে... দুষ্টুমিতে দু'পায়ে
ধুলো উড়িয়ে... স্কুল ফেরা সেই 'আমি'
মায়ের শাসন দাদির বকুনি উপেক্ষা
করে পুকুরে ঝাঁপিয়ে পড়া-
ঘন্টার পর ঘন্টা ডুব সাঁতারের খেলা !
মুক্ত বিহঙ্গ সম-
স্বপ্নের সাত রং পলকেই ছুঁয়ে আসা-
'অসম্ভব'কে অবলিলালায় তুড়ি মেরে
উড়িয়ে দিয়ে ইচ্ছের উত্তুঙ্গ শিখরে
অনায়াসে আরোহন করা- সেই 'আমি'
হারালো কোথায়- কখন কেমন করে !
জানা হলো না-
আজ মন- কেবলই উড়ন্ত পাখির মত
ডানায় ভর করে উড়ে চলে....
খুঁজে ফেরে অতীতের সেই 'আমি'কে !
sp




 

No comments:

Post a Comment